চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নে চুরির অভিযোগ তুলে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ৪ এপ্রিল শনিবার বিকেলে আয়োজিত এক গ্রাম্য সালিশে এই নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটে।
এতে মো. নুরুল আবছার (৪০) নামে এক ব্যক্তি নিহত হন এবং মো. রাসেল নামে অপর এক যুবক গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভূজপুর থানার দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বারমাসিয়া খন্দকার পাড়া এলাকায় শনিবার বিকেল ৫টার দিকে এই সালিশি বৈঠক বসে। নুরুল আবছার ও রাসেলের বিরুদ্ধে এলাকায় চুরির অভিযোগ তুলে এই সালিশি বৈঠক ডাকা হয়েছিল। সালিশ চলাকালে সালিশরা তাদের ওপর চড়াও হয় এবং বেধড়ক মারধর শুরু করে।
মারধরে দুজনেই অচেতন ও গুরুতর আহত হয়ে পড়লে স্থানীয়রা তাদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যায়। সেখানে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক নুরুল আবছারকে মৃত ঘোষণা করেন। তার লাশ বর্তমানে নাজিরহাট মেডিক্যালে রাখা হয়েছে। এদিকে, আহত রাসেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, নিহত নুরুল আবছারের বিরুদ্ধে এলাকায় আগে থেকেই চুরির অভিযোগ ছিল। এছাড়া আহত রাসেলের বিরুদ্ধেও থানায় চুরির মামলা রয়েছে।
তবে আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ। যারা এই বিচারবহিভূত হত্যাকান্ডের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ওসি বিপুল চন্দ্র দে আরও জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করার কাজ চলছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সদস্য। এই হত্যাকাণ্ডের পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নে চুরির সালিশে গণপিটুনি, নিহত ১
সর্বাধিক পঠিত



















