সূর্যোদয় প্রতিবেদক : আজ বৃহস্পতিবার (১২ মার্চ) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে। বেলা ১১টায় শুরু হবে অধিবেশনের কার্যক্রম। প্রথম দিনই নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার। সংসদের বিধি অনুযায়ী তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এছাড়া, তিনি সংসদে ভাষণ দেবেন। এদিকে, অধিবেশন ঘিরে এরই মধ্যে সংসদ ভবন ঢেলে সাজানো হয়েছে। কারণ, আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিক্ষোভকারীরা সংসদ ভবনের দিকে ছুটে যান। তারা সেদিকে যাওয়ার বিভিন্ন সড়কে স্থাপন করা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে মিছিল করেন। ওই দিন সংসদ ভবন, সংসদ সদস্য ভবন (মানিক মিয়া ও নাখাল পাড়া), পুরোনো এমপি হোস্টেল, মন্ত্রী হোস্টেল, সচিব হোস্টেল ও সংসদ ভবন আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সংসদ ভবন মেরামতের জন্য গণপূর্ত বিভাগ ও সংসদ সচিবালয় যৌথভাবে কাজ করেছে। এতে ব্যয় ছাড়িয়েছে প্রায় শতকোটি টাকা। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৯৭টিতে জয়ীদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে বিএনপি ২০৯ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্যদিকে জামায়াত ৬৮ আসন পেয়ে বিরোধীদলের আসনে বসতে যাচ্ছে। অন্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা বাকি আসনগুলোতে জয়ী হয়। বিজয়ী সংসদ সদস্যদের শপথের মধ্যদিয়ে কার্যকর হয়েছে জাতীয় সংসদ। গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরই বিএনপি জোটের সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়। অন্যদিকে, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট তাদের সংসদীয় দলের বৈঠকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধীদলীয় চিফ হুইপ নির্বাচিত করে।
০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:




















