আন্তর্জাতিক ডেস্ক, সূর্যোদয় : ইসরায়েলের রাজধানীতে তেল আবিবে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিনভর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৪০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার (১ মার্চ) ইসরায়েলি সংবাদমাধ্যম হায়ারেজ তেল আবিব পৌরসভার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই ঘটনার পর ২০০-এরও বেশি বাসিন্দাকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে শহরের তিনটি হোটেলে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে আজ রবিবারও ইসরায়েলে ওপর প্রতিশোধমূলক হামলা অব্যাহত রেখেছে তেহরান। ইরানের হামলায় এখন পর্যন্ত এক নারী নিহত হয়েছেন বলে জানা গেছে। ইসরায়েলের বিমান বাহিনী বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ হামলার অংশ হিসেবে গত একদিনে তারা ইরানের ওপর ১ হাজার ২০০’র বেশি বোমাবর্ষণ করেছে। রবিবার (১ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করেছে ইসরায়েলি বিমান বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে অনুসারে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের যেসব স্থানে হামলা চালানো হয়েছে, তার মধ্যে দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয় রয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় সেখানে অন্তত ১৪৮ জন নিহত এবং আরো কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, বিদ্যালয়ে এই হামলায় `কয়েক ডজন নিষ্পাপ শিশুকে’ হত্যা করা হয়েছে এবং এই ঘটনা `বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না’।মার্কিন-ইসরায়েল হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আব্দুল রহিম মুসাভি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হয়েছেন। রবিবার (১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার। ইরনার খবর অনুসারে, শনিবারের (২৮ ফেব্রুয়ারি) হামলায় আব্দুল রহিম মুসাভি এবং আজিজ নাসিরজাদেহ নিহত হয়েছেন। ইরানের গণমাধ্যম এর আগে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, তার নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি এবং ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুরের নিহতের খবরও নিশ্চিত করেছে। ইরনা জানিয়েছে, সশস্ত্র বাহিনীর আরো অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এই হামলায় প্রাণ হারিয়েছেন এবং তাদের নাম পরবর্তী সময়ে ঘোষণা করা হবে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি নেতাদের ‘নোংরা অপরাধী’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্রের ওপর চলমান হামলার জন্য তাদের ‘বিধ্বংসী আঘাতের’ মুখোমুখি হতে হবে। খবর আল-জাজিরার। রবিবার (১ মার্চ) গালিবাফ একটি টেলিভিশন ভাষণে এই মন্তব্য করেন। শনিবার হামলা শুরু হওয়ার পর থেকে তিনিই এখন পর্যন্ত ক্যামেরার সামনে আসা ইরানের সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা। যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে উদ্দেশ্য করে গালিবাফ বলেন, “আপনারা আমাদের রেড লাইন অতিক্রম করেছেন এবং আপনাদের অবশ্যই এর মূল্য দিতে হবে। আমরা এমন বিধ্বংসী আঘাত হানব যে আপনারা নিজেরাই আমাদের কাছে ক্ষমা ভিক্ষা করতে বাধ্য হবেন।
০২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:



















