মিশু দাশ : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণে শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন উৎসবমুখর পরিবেশে। কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। এখনো কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ৮টি কেন্দ্রে সর্বমোট ৮১০টি বুথ স্থাপন করা হয়েছে এবং সেখানে পর্যাপ্ত সংখ্যক নির্বাচনী কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের নিরাপত্তা ও ভোটের স্বচ্ছতা নিশ্চিতে নজরদারি জোরদার করা হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে নির্বাচনী আমেজ বিরাজ করছে। ভোটকেন্দ্র থেকে বের হয়ে অনেকে জানালেন বহু প্রতীক্ষিত এই সুযোগ তাদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। ভোটাধিকার প্রয়োগ করতে পেরে শিক্ষার্থীদের মুখে ফুটে উঠেছে আনন্দ আর প্রত্যাশার কথা। শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে ভোট দিতে পেরে তারা আশা প্রকাশ করেছেন, এ নির্বাচন থেকে উঠে আসবে যোগ্য ও কার্যকর নেতৃত্ব, যারা শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করবে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে টিএসসি ঘুরে দেখা গেছে, পুরো চত্বরে জমে উঠেছে উৎসবের আমেজ। উল্লেখ্য, এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
০১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:




















