সূর্যোদয় ডেস্ক : দেশের জনগণকে শক্তি ও সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেছেন, ‘খুব দ্রুতই এ আঁধার কেটে যাবে। জন্মদিন পালন করায় দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল ২৯ সেপ্টেম্বর রবিবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিটি আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, দেশের আপামর জনসাধারণ ও দলীয় নেতাকর্মীরা এ কঠিন সময়েও শত প্রতিকূলতা ডিঙিয়ে এবং বাধা-বিপত্তি উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্মদিন পালন করায় সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এতে আরও বলা হয়, তার প্রতি দেশের জনগণের এই অকৃত্রিম ভালোবাসা ও মমতায় তিনি অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন এবং দেশের জনগণের কল্যাণে বরাবরের ন্যায় নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। শেখ হাসিনা আরও বলেন, খুব দ্রুতই এ আঁধার কেটে যাবে এবং দেশের জনগণকে শক্তি ও সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। বঙ্গবন্ধুকন্যা দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের জন্য পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে দোয়া প্রার্থনা করেন। উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
০৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















