লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ইট বোঝাই পাওয়ার ট্রলি- পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাপ্পি (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জীবন (১৮) নামে আরও একজনকে আশাঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারি সকাল ৯ টায় উপজেলার লালপুর-বাঘা আঞ্চলিক মহা সড়কের আট্টিকা জামতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত বাপ্পি উপজেলার অমৃতপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। আর আহত জীবন রহিমপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, বাঘাগামী একটি পিকআপ অপর দিক থেকে আসা পাওয়ার ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে পাওয়ার ট্রলির চালক বাপ্পি ঘটনা স্থলেই মারা যান।
এ ঘটনায় জীবন নামে আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করা হয়েছে। পিকাআপের চালক ও হেলপার পালিয়ে গেছে। এঘটনায় সড়ক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


























