কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া হারবাংয়ে পিকআপ ও পিকনিকের বাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে চকরিয়ার হারবাং ইউনিয়নের উত্তর হারবাংয়ের কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ এসআই খোকন কান্তি রোদ্র।
নিহতরা হলেন, চকরিয়া হারবাং উত্তর করমহরীপাড়ার মোস্তাক আহমদের ছেলে রিদুয়ান, একই ইউনিয়নের সামাজিকপাড়ার রশিদ আহমেদের ছেলে আবু বক্কর, বাদশা মিয়ার ছেলে জয়নাল আবেদীন, বত্তাতলীর মোজাফফর আহমদের ছেলে মহিউদ্দিন। নিহতরা সবাই স্থানীয় শ্রমিক। এসআই খোকন রোদ্র জানান, কক্সবাজারে আনন্দ ভ্রমণে আসা জাকির ট্রাভেল (ঢাকা মেট্রো-ব-১৩-১৩১৫) ও চট্টগ্রামমুখী পিকআপ (চট্টমেট্রো-ন-১১-১৭৮৯) হারবাং এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে চার শ্রমিক নিহত হন। আহত হয়েছেন প্রায় ৮ জন। দুর্ঘটনায় যানচলাচল ব্যাহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও গাড়ি দুটি জব্দ করেছে।


























