বান্দরবান প্রতিনিধি : || : বান্দরবানের আলীকদম উপজেলা কৃষকদল নেতার স্কুলপড়ুয়া কন্যাকে অপহরণের অভিযোগ উঠছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। বান্দরবান সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম মামুনের বিরুদ্ধে নিজের স্কুলপড়ুয়া কন্যাকে অপহরণের অভিযোগ করে গতকাল ৪ জুলাই আলীকদম থানায় উপজেলা কৃষকদলের সিনিয়র সহসভাপতি মো. সৈয়দ আলম মামলা দায়ের করেছেন। জানা যায়, আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী সায়মন সৈয়দ শোভাকে (১৫) স্কুলে আসা যাওয়ার সময় আনোয়ারুল ইসলাম মামুন (২৬) প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। মামুনকে নিষেধ করার পরও প্রতিনিয়ত রাস্তাঘাটে বিরক্ত করত এবং জোরপূর্বক বিয়ে করবে বলে হুমকি দিয়েছিল। গত ৮ জুন সকালে কন্যার খোঁজ না পেয়ে আলীকদম থানায় নিখোঁজের ডায়েরি করেন তার পিতা। ওইদিন আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তায় সায়মন সৈয়দ শোভা পৌঁছালে আনোয়ারুল ইসলাম মামুনসহ মোট আটজন তাকে জোরপূর্বক অপহরণ করে গাড়িতে করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। আলীকদম কৃষকদলের সিনিয়র সহসভাপতি মো. সৈয়দ আলম বলেন, আমার মেয়ের কোনো খোঁজ এখনও পাইনি। তদন্ত কর্মকর্তার গাফেলতির কারণে সে উদ্ধার হয়নি। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি করছি।” এ বিষয়ে বান্দরবান জেলা ছাত্রদলের সভাপতি ফরহাদ হোসেন জানান, অভিযুক্তর পদ স্থগিত আছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ জানান, মামলা রুজু করা হয়েছে, স্কুল ছাত্রীকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে, বান্দরবান সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ও উপজেলা পরিষদের চেয়াম্যান পদে সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীর, কৃষকদল নেতার স্কুলপড়ুয়া কন্যাকে অপহরণের অভিযোগ জানার পর এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:












