মিশু দাশ: আওয়ামী লীগ সফলভাবে দেশ পরিচালনা করছে উল্লেখ করে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের জাতীয় নির্বাচনে যে ইশতেহার আমরা দিয়েছিলাম, সফলভাবে সেগুলো বাস্তবায়ন করেছি। গত ১৫ বছরে বাংলাদেশের রূপান্তর ঘটেছে। ধারাবাহিকতা বজায় রাখার জন্য যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছি, তা দ্বাদশ নির্বাচনের ইশতেহার রাখা হয়েছে। ২৭ ডিসেম্বর বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের ইশতেহার ঘোষণা করার সময় এসব কথা বলেন তিনি।
স্মার্ট বাংলাদেশ থিমে উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান স্লোগানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে ১১টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ সময় শেখ হাসিনা প্রতিটি খাতভিত্তিক ২০০৬ সালের সঙ্গে বর্তমানের তুলনামূলক চিত্র তুলে ধরেন। ইশতেহারে আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের অর্জন এবং আগামী মেয়াদে ক্ষমতায় এলে দেশের উন্নয়নে তাদের কর্মপরিকল্পননা তুলে ধরা হয়েছে। ২০০৯ থেকে ২০২৩ সালের শাসনামলকে ‘উন্নয়ন ও সমৃদ্ধির পথে বিশ্বের বিস্ময় বাংলাদেশ’ বলা হয়েছে। আওয়ামী লীগের এবারের ইশতেহারে ১১টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেগুলো হলো:
১. দ্রব্যমূল্য সবার ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া।
২. কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা।
৩. আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।
৪. লাভজনক কৃষির লক্ষ্যে সমন্বিত কৃষিব্যবস্থা, যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি।
৫. দৃশ্যমান অবকাঠামোর সুবিধা নিয়ে এবং বিনিয়োগ বৃদ্ধি করে শিল্পের প্রসার ঘটানো।
৬. ব্যাংকসহ আর্থিক খাতে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা।
৭. নিম্ন আয়ের মানুষদের স্বাস্থ্যসেবা সুলভ করা।
৮. সর্বজনীন পেনশন ব্যবস্থায় সবাইকে যুক্ত করা।
৯. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা ও জবাবদিহি নিশ্চিত করা।
১০. সাম্প্রদায়িকতা এবং সব ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধ করা।
১১. সর্বস্তরে গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা ও চর্চার প্রসার ঘটানো।
এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন। দলের সিনিয়র নেতারা, কূটনৈতিক কোরের প্রতিনিধি এবং সমাজের বিশিষ্টজনেরা উপস্থিত আছেন।
মিশু দাশ 



















