সূর্যোদয় প্রতিবেদক : সাবেক সংসদ সদস্য পান্না কায়সার বিশিষ্ট লেখক, রাজনীতিবিদ পান্না কায়সার মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৪ আগস্ট শুক্রবার সকাল আটটায় মারা যান তিনি।
পান্না কায়সার শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারে স্ত্রী। ১৯৬৯ সালের ১৭ ফেব্রæয়ারি তাদের বিয়ে হয়। সেদিন ঢাকা শহরে ছিল কারফিউ। পুরো দেশ তখন গণআন্দোলনে উত্তাল। শহীদুল্লা কায়সারের হাত ধরে তার পরিচয় আধুনিক সাহিত্যের সঙ্গে, রাজনীতির সঙ্গে। তার সংসার জীবন স্থায়ী হয় মাত্র দু’বছর ১০ মাস।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সন্ধ্যায় আলবদর বাহিনীর সদস্যরা শহীদুল্লা কায়সারকে তার বাসা থেকে ধরে নিয়ে যায়। তারপর তিনি আর ফেরেননি। এরপর পান্না কায়সার একা হাতে মানুষ করেন তার দুই সন্তান শমী কায়সার এবং অমিতাভ কায়সারকে।
পান্না কায়সার ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন। পান্না কায়সার ১৯৫০ সালের ২৫ মে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় অবদান রাখার জন্য ২০২১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন পান্না কায়সার।



















