বিনোদন ডেস্ক : প্রেম করছেন বর্তমান সময়ের ব্যস্ত টেলিভিশন অভিনেত্রী সামিরা খান মাহি। তার প্রেমিকের নাম সাদাত শাফি নাবিল। ৪ জুলাই মঙ্গলবার ফেসবুক ও ইনস্টাগ্রামে কয়েকটি স্থিরচিত্র ও ভিডিও ক্লিপ প্রকাশের মধ্য দিয়ে প্রেমিককে সামনে আনেন এই অভিনেত্রী।
হঠাৎ প্রেমিককে সামনে আনার কারণ ব্যাখ্যা করে মাহি বলেন, তিন বছর ধরে শাফির সঙ্গে মাহির বন্ধুত্ব। প্রথমে বন্ধুত্ব, পরবর্তীতে তা প্রেমে রূপ নেয়। শাফি আমার ভীষণ ভালো একজন বন্ধু। একটা সময় আমরা ভালোবাসার সম্পর্কে জড়াই। বিষয়টি আমাদের দুই পরিবার কিছুদিন আগে জেনেছে। তাই সম্পর্কের বিষয়টা প্রকাশ্যে এনেছি।
ঈদের দিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মাহি। ওই সময়ে পাশে থেকে মাহির সেবাশুশ্রূষা করেছেন শাফি। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন শাফি। বর্তমানে পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন তিনি।


























