খুলনা ব্যুরো | সূর্যোদয় : চাঁদাবাজ, সন্ত্রাসী ও অস্ত্রধারীদের ভয়ে খুলনা শহরের অন্তত একডজন প্রতিষ্ঠানে ঝুলছে তালা। চাঁদা না দিলে হামলা, ভাঙচুর, তাণ্ডব এবং জীবন হারানোর ভয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন সংশ্লিষ্টরা। অনেক ব্যবসায়ী আত্মগোপনে রয়েছেন। এদিকে,অনেক প্রতিষ্ঠানের সামনে পুলিশ পাহারা থাকা সত্ত্বেও নিরাপত্তার স্বার্থে ব্যবসায়ীরা দোকান খুলছেন না। অন্তত ১১ জন চিকিৎসক ভয়ে খুলনায় ফিরতে পারছেন না। সবকিছু মিলিয়ে পেশাজীবীদের মধ্যে চাঁদাবাজ আতঙ্ক বিরাজ করছে। গত ১১ নভেম্বর বুধবার দুপুরে রূপসা স্ট্যান্ড রোডে গিয়ে মাল্লিক ব্রাদার্স এন্ড ফার্মেসির গেটে তালা ঝুলতে দেখা যায়। ওই ভবনে থাকা আরো কয়েকটি প্রতিষ্ঠান বন্ধ থাকতে দেখা গেছে। মল্লিক ব্রাদার্সের মালিক রাজু মল্লিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এক চাঁদাবাজ শীর্ষ সন্ত্রাসী বাহিনীর প্রধান গত ১৪ অক্টোবর রাতে আমাকে ফোন দেন। তিনি আমার কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি আমি গায়ে লাগায়নি। এরপর গত ৮ নভেম্বর রাতে মোটরসাইকেলে ৮ জন ব্যক্তি প্রতিষ্ঠানের সামনে আসেন। তারা বাহিনী প্রধান আশিকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতে বলেন। কিন্তু, সেটা করতে না চাইলে তারা আমার সঙ্গে জোরজুরি করেন। এক পর্যায়ে আশিকের সঙ্গে কথা বলি। তিনি আমার কাছে পুনরায় ৩০ লাখ টাকা দাবি করে দু’দিনের সময় বেঁধে দেন। রাজু মল্লিক জানান, পরে পরিবারের সঙ্গে কথা বলে নিরাপত্তার কথা চিন্তা করে দোকানটি বন্ধ করে দেন তিনি। থানা পুলিশ একাধিকবার যোগাযোগ করেছে। তাদের জানিয়ে কোনো লাভ হবে না বিধায় থানায় যাননি তিনি। এদিকে, মল্লিক ফার্মেসির নিরাপত্তার জন্য দোকানের সামনে পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন রিপন। এদিকে টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসি চাঁদা দাবির পর থেকে এখনো বন্ধ রয়েছে। বাড়ির সামনে গিয়ে যোগাযোগ করার চেষ্টা করেও মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি। চয়নিকা ফার্মেসি থেকে কয়েকশ’ গজ দূরে রয়েছে জাহিদ ইলেকট্রিক। এই দোকানের মালিকের কাছেও চাঁদা দাবি করে খুলনার অপর শীর্ষ সন্ত্রাসী বাহিনী প্রধান। এরপর থেকে মায়ের অসুস্থতার কথা বলে দোকানটি বন্ধ রেখেছেন জাহিদ। জাহিদ ইলেকট্রিক সংলগ্ন আরো দুটি ব্যবসা প্রতিষ্ঠান চাঁদার দাবিতে বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন জনৈক ব্যবসায়ীর দোকান (পুরাতন মালামাল ক্রয়-বিক্রয়) এবং নগরীর জিরো পয়েন্টের জনৈক ব্যবসায়ীর পার্টসের দোকানসহ অন্তত এক ডজন প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। খুলনায় শীর্ষ একটি সন্ত্রাসী সংগঠনের পরিচয় দিয়ে ইট-বালু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকের কাছে চাঁদা দাবি করা হয়েছে। দাবিকৃত চাঁদা না দিলে হত্যার হুমকিও দেয় তারা। এছাড়া, সন্ত্রাসী বাহিনীর পরিচয় দিয়ে গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে চাঁদা দাবি করা হয়। প্রতিষ্ঠানটির মালিক থানায় মামলা করেছেন। খুলনা মহানগর ইট-বালু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম বলেন, “বুধবার সকাল থেকে আমার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিক ফোন আসতে থাকে। না ধারায় আমার স্ত্রীকে ফোন দেয় তারা। ফোনে এক ব্যক্তি নিজেকে খুলনা শীর্ষ সন্ত্রাসী বাহিনীর প্রধান বলে পরিচয় দেন। পরবর্তীতে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। তাদের চাহিদা মোতাবেক চাঁদার টাকা প্রদানে অপারগতা প্রকাশ করায় আমাকে মেরে ফেলার হুমকি দেয়। তিনি বলেন, বিষয়টি ক্ষমতাসীন দলের স্থানীয় এক নেতার সঙ্গে আলোচনা করি। ঘটনাটি থানায় অবগত করার জন্য পরামর্শ দেন ওই নেতা।তিনি জানান, জীবনের নিরাপত্তার কথা ভেবে থানায় অবগত করেননি। পরবর্তীতে ওই ব্যবসায়ী ও তার স্ত্রীর মোবাইল নম্বরটি বন্ধ রাখেন। বাড়ি ভাড়ার সাইনবোর্ড থেকে সন্ত্রাসীরা নম্বর সংগ্রহ করে তাদের ফোন দেয় এমনটি দাবি করেন রফিকুল ইসলাম। খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, এ ধরনের কোনো খবর আমার জানা নেই। থানায় বিষয়টি অবগত করলে ব্যবস্থা নেওয়া হবে।” ভয় না পেয়ে মানুষকে সামনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জনসাধারণে জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের। ভয় না পেয়ে পুলিশকে জানাতে বলেন তিনি। এদিকে সোনাডাঙ্গার গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. গাজী মিজানকে ফোন দিয়ে গত ৮ নভেম্বর মোটা অঙ্কের চাঁদা দাবি করে এক সন্ত্রাসী। এ ব্যাপরে তিনি মামলা করেন। এ ঘটনায় ১০ নভেম্বর রাতে সোনাডাঙ্গা থানার বানরগাতি থেকে সন্ত্রাসী ফয়সাল মুন্সিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়। সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “ডা. গাজী মিজান বিষয়টি থানাকে অবগত করলে পুলিশ মঙ্গলবার ফয়সালকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে
নগরীর বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ডায়াগনস্টিক সেন্টার ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে গত মঙ্গলবার ১০ নভেম্বর সকালে বিএমএ ভবনের সামনে সাতরাস্তায় এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:

