চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের ফটিকছড়ি উত্তরাঞ্চলের দাঁতমারা ইউনিয়নের ইসলামপুর এলাকায় মাদক ব্যবসায়ী ইউসুফ হোসেনের মালিকানাধীন স্বপ্ন নামের মিষ্টির দোকান উদ্বোধনকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, ওই দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে ইতিমধ্যে ফটিকছড়ি উত্তরাঞ্চলের দাঁতমারা ইউনিয়নের ইসলামপুরে রয়েছেন ফেনী ও নোয়াখালী অঞ্চলের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আবু তালেব মাসুদ, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কুক্কুরুত সেলিম’ নামে পরিচিত। বিভিন্ন গণমাধ্যমেও তাঁকে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে উল্লেখ করা হয়। স্থানীয়দের দাবি, স্বপ্ন নামের এই মিষ্টির দোকানটি প্রায় তিন মাস আগেও একবার উদ্বোধন করা হয়েছিল। সে সময়ও সেখানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পরিচিত কয়েকজনের উপস্থিতি নিয়ে এলাকায় আলোচনা হয়। এবার পুনরায় উদ্বোধনকে ঘিরে একই ধরনের লোকজনের উপস্থিতি স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। স্থানীয় সূত্রগুলোর অভিযোগ, দাঁতমারা ইউনিয়নের হোসেন্যারখীল এলাকার বেলাল ড্রাইভারের ছেলে ইউসুফ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। পুলিশ তাকে হন্য হয়ে খুজছে। জানাগেছে, কুমিল্লা, চাঁদপুর ও চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন এলাকা থেকে মাদকসেবী ও কারবারিরা ইউসুফের গরুর খামার এলাকায় যাতায়াত করেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সীমান্তবর্তী রামগড় এলাকা দিয়ে চোরাই পথে আসা মাদকদ্রব্যের একটি অংশ ওই এলাকায় পৌঁছে পরে বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। স্থানীয়দের অভিযোগ, হেয়াঁকো, দাঁতমারা ও ইসলামপুরের বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে ও গোপনে মাদকের লেনদেন চলছে। হাত বাড়ালেই বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য পাওয়া যায় বলেও অভিযোগ রয়েছে। ফলে তরুণদের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে, মিষ্টির দোকান উদ্বোধনের মতো একটি সামাজিক অনুষ্ঠানে কথিত মাদক ব্যবসায়ীর সঙ্গে একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের উপস্থিতি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে কনটেন্ট ক্রিয়েটর আবু তালেব মাসুদের মোবাইলে বার বার কল দেয়ার পরও তিনি ফোন রিসিভ করেননি।
০৯:১৯ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সর্বাধিক পঠিত










