চট্টগ্রাম ব্যুরো ● চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন তায়্যেবা ফ্যাশন লিমিটেড পরিদর্শন করেছেন বাংলাদেশস্থ সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। কারখানায় পৌঁছানোর পর রাষ্ট্রদূত তায়্যেবা ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তাকে কারখানার উৎপাদন কার্যক্রম, কর্মপরিবেশ, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, সামাজিক কমপ্লায়েন্স, শ্রমিকদের কল্যাণ এবং সামগ্রিক ব্যবস্থাপনা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। পরিদর্শনকালে রাষ্ট্রদূত কারখানার বিভিন্ন উৎপাদন বিভাগ ঘুরে দেখেন এবং শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি শ্রমিকদের কর্মপরিবেশ, সুযোগ-সুবিধা, স্বাস্থ্য ও নিরাপত্তা, কর্মঘণ্টা, মজুরি, ছুটির সুবিধা, অভিযোগ জানানোর ব্যবস্থা এবং অন্যান্য কল্যাণমূলক বিষয় সম্পর্কে তাদের মতামত ও অভিজ্ঞতা শুনেন। এ সময় শ্রমিকদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পরিদর্শনকালে তায়্যেবা ফ্যাশনের পক্ষে উপস্থিত ছিলেন উপদেষ্টা রনজিৎ বড়ুয়া রক্তিম, চেয়ারম্যান আবদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক শুভ বড়ুয়া, পরিচালক আবদুল্লাহ-আল ফয়সাল ও সাইফুল ইসলামসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। তায়্যেবা ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রাষ্ট্রদূতের কাছে শ্রমিকবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করতে গৃহীত বিভিন্ন উদ্যোগ, আন্তর্জাতিক মানের কমপ্লায়েন্স বজায় রাখা, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক দায়বদ্ধতা পালনে প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম তুলে ধরে। পরিদর্শন শেষে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস তায়্যেবা ফ্যাশন লিমিটেডের সামগ্রিক কর্মপরিবেশ, ব্যবস্থাপনা কার্যক্রম এবং শ্রমিকদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বিনিয়োগ বান্ধব রাষ্ট্র গঠনের বিকল্প নেই। তায়্যেবা ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রাষ্ট্রদূতের এ সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও অর্থবহ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটি দায়িত্বশীল ও আন্তর্জাতিক মানসম্পন্ন একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:




















