চট্টগ্রাম ব্যুরো : নির্বাচন-পরবর্তী সহিংসতার ধারাবাহিকতায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার পলাতক আসামি মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে হামলায় গুরুতর আহত হয়েছেন সাধারণ ভোটার মুহাম্মদ শফিকুল ইসলাম। হামলায় তার একটি পা ভেঙে যায় এবং বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাটি ঘটে গত ১৪ ফেব্রুয়ারি দুপুরে দাঁতমারা ইউনিয়নের হোসেন্যারখীল এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ ইউসুফ ও তার সহযোগীরা শফিকুল ইসলাম ও তার বৃদ্ধ মায়ের ওপর অতর্কিত হামলা চালায়। এতে শফিকুল গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল তার পায়ে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) আহত শফিকুল ইসলামকে হাসপাতালে দেখতে যান চট্টগ্রাম-২ আসনের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। তিনি আহতের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এ সময় তিনি শফিকুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন। অধ্যক্ষ নুরুল আমিন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, নির্বাচন-পরবর্তী সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:























