হেলাল আহমদ, বালাগঞ্জ প্রতিনিধি: প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাঁকজমক ও অনাড়ম্বর আয়োজনে বালাগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল সাফিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আ.জ.ম সালাহ্ উদ্দীন।
প্রধান অতিথির বক্তৃতায় সাংসদ হাবিবুর রহমান হাবিব বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর নেতৃত্বে কৃষি, প্রাণিসম্পদসহ প্রতিটি সেক্টরে আমরা কাজ করে ব্যাপক সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি। বালাগঞ্জ কৃষি প্রদান এলাকা, সরকারের পক্ষ থেকে কৃষকদের সার, বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণের ফলে এবার আমরা এখানে ব্যাপক সাফল্য পেয়েছি। প্রাণিসম্পদের ক্ষেত্রে দেশীয় গরু, ছাগল, ভেড়া, মাছ, ডিম উৎপাদন কিভাবে বাড়ানো যায় তা নিয়ে আমরা কাজ করছি। এর ফলে গত কয়েক বছর ধরে আমাদেরকে আর ভারত থেকে গরু আমদানি করতে হয় না। কারণ আমাদের খামারীরা দেশীয় গরুর যে সংকট ছিল তা দূর করতে পেরেছেন। তিনি খামারী ও কৃষকদের উদ্দেশ্যে বলেন, সরকার আমাদের সকল সুযোগ সুবিধা দিচ্ছে। আপনারা স্ব-স্ব দপ্তরের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে তা গ্রহণ করবেন। শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে অনুষ্ঠানে স্বাগত জানান উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ মিলন মিয়া।
উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জাকারিয়া আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুর ইউনিয়নের চেয়ারম্যান আনহার মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাজার বণিক সমিতির সভাপতি মো. জুনেদ মিয়া, বালাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফয়েজ আহমদ, কৃষি কর্মকর্তা আশিকুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি আলাল মিয়া, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত দাস ভুলন, সাধারণ সম্পাদক আ.হ ইমন শাহ, কোষাধ্যক্ষ জাগির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন জাহাদ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারি, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবন্দসহ কৃষক ও খামারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পশ্চিম গৌরীপুর এর এলএসপি রুজেল আহমদ, গীতা পাঠ করেন পূর্ব পৈলনপুরের এলএফএফ সুভাষ গোস্বামী।
এদিকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে দেশব্যাপী ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪’ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠান শেষে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীতে অংশ নেয়া স্টল পরিদর্শন করেন, এমপি হাবিবুর রহমান হাবিবসহ নেতৃবৃন্দ। প্রদর্শনীতে ৩০টি স্টল অংশগ্রহণ করে।










