সূর্যোদয় প্রতিবেদক: ২৫ রমজানের মধ্যে কর্মরত সাংবাদিক-কর্মচারীদের বেতন-বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন। ২৮ মার্চ বৃহস্পতিবার ডিইউজে কার্যালয়ে ২০২৪-২০২৬ নির্বাহী পরিষদের প্রথম সভায় এ দাবি জানানো হয়েছে। সভায় সাংবাদিক নেতারা বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে গণমাধ্যমে সাংবাদিক-কর্মচারীদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে মালিকদের। যারা বেতন-বোনাস পরিশোধ করবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে ডিইউজে। এছাড়া, সভায় কাজী মোহসিন আল আব্বাসকে প্রধান নির্বাচন কমিশনার মনোনীত করে নয় সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত প্রথম বছরের সভাপতি সোহেল হায়দার চৌধুরী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আকতার হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম মিঠু, সহসভাপতি ইব্রাহীম খলিল খোকন, যুগ্ম সম্পাদক মো. শাহজাহান মিঞা, কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব, আইন বিষয়ক সম্পাদক আসাদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মামুন শেখ, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, কল্যাণ সম্পাদক শাহজাহান স্বপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল খান ও নারী বিষয়ক সম্পাদক সুমি খানসহ নির্বাহী পরিষদ সদস্যরা।




















