টাঙ্গাইল (মির্জাপুর) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে নদী তীরের মাটিকাটা বন্ধে রাতভর ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভিযান চালিয়ে ১২ ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান এ অভিযান পরিচালনা করে, উপজেলার গোড়াই, আজগানা, তরফপুর, লতিফপুর, বাঁশতৈল, ভাদগ্রাম ও পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। পরে আটককৃতদের কাছ থেকে ৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এতে, তন্ময় রাজবংশী, মো, স্বপন মিয়া, মো. জামাল মিয়া, মো. আলী আকবর, মো. শুভ, মো. আরিফ খান, মো. আপন, হৃদয় হোসেন, সাইফুল ইসলাম, সুমন মল্লিক, শাহ্ আলম ও ইয়াছিন সিকদার এই ১২ ব্যাক্তিকে জরিমানা করা হয়।
জানা গেছে, উপজেলার বিভিন্ন স্থানে মাটি ব্যবসায়ীরা নদী তীর, পাহাড়ের টিলা, ফসলী জমির মাটি কেটে অন্যত্র বিক্রি করে আসছিল। অবৈধ ভাবে মাটি ব্যবসায়ীদের বেপরোয়া মাটি কাটা বন্ধে এসব অঞ্চলে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি কাটার দায়ে ১২ ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে ৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।


























