তপন তালুকদার: কোকিলের কণ্ঠে শোনা যাচ্ছে আগমনী কুহু কুহু ডাক। দখিনা হাওয়ায় প্রাণবন্ত প্রকৃতি। গাছের ডগায় ডগায় সবুজাভ নতুন পাতা। বাগানে বাহারি রঙিন ফুল। সোনালি রোদের ছোঁয়ায় পলাশগুলো আজ জেগে উঠবে। মৌমাছিদের গুঞ্জরণ, মাতাল হাওয়া ছুঁয়ে যাবে তনুমন। বাসন্তী রঙের গাঁদা ফুলের রঙেই আজ সাজবে তরুণ-তরুণীরা। তরুণীরা পরবে বাসন্তী রঙের শাড়ি। খোঁপায় গুঁজবে ফুল আর হাতে পরবে কাঁচের চুড়ি। তরুণরাও বাসন্তী রঙের পাঞ্জাবি বা ফতুয়া পরে নামবে বাংলার পথে ঘাটে। শুধু শহরেই নয়, বাংলার গ্রামীণ জনপদেও আজ ঝিরি ঝিরি বাতাসে ধরা দেবে বসন্ত। পঞ্জিকার হিসাবে শীতের শেষ দিন ছিল ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার। ঋতুরাজ বসন্তের প্রথম দিন আজ। যৌবনদীপ্ত বসন্ত মানেই পূর্ণতা। বসন্ত মানে নতুন প্রাণের কলরব। আনন্দের এ রঙে নাচে কোটি বাঙালির মন। কমলা, বাসন্তী, হলুদসহ বাহারি রঙের পোশাকের সাজে প্রকৃতির সঙ্গে সেজে ওঠে উৎসবপ্রেমীরাও। সর্বত্র ছড়িয়ে পড়ে উৎসব। মন থেকে মনে ভালোবাসার রঙ ছড়িয়ে পড়ার দিন ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে। যদিও ভালোবাসা দিবস উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে আরও এক সপ্তাহ আগেই। এ দিনের উদযাপনেই যেন এক উতলা মন, হাহাকার, স্বপ্ন, প্রেম, উষ্ণতা পূর্ণতা পায় ভালোবাসা! শুধু উচ্ছ্বল তরুণ-তরুণীই নয়, সব বয়সের মানুষের ভালোবাসার বহুমাত্রিক প্রকাশের আনুষ্ঠানিক দিনও আজ। এ ভালোবাসা যেমন মা-বাবার প্রতি সন্তানের, তেমনি মানুষে-মানুষে ভালোবাসাবাসির দিনও এটি। বাঙালির চিরায়ত বসন্ত বরণ, সঙ্গে ভালোবাসার দিবসÍজোড়া উৎসবে দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, চারুকলার বকুলতলা, রবীন্দ্র সরোবর, রমনা পার্ক, হাতিরঝিলে যতদূর চোখ যায় দেখা মেলে তরুণ-তরুণীদের। শুধু রাজধানী নয়, দেশে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, বিনোদনকেন্দ্র, সাংস্কৃতিক অঙ্গন, শপিংমল, রেস্তোরাঁ ও পাঁচ তারকা হোটেলে ছড়িয়ে পড়ে আনন্দের আমেজ। ভালোবাসাময় বসন্তের রঙে বাঁধ ভাঙে সব বয়সী মানুষের উচ্ছ্বাস।
০৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
অনুভব আর ভালোবাসার দিন আজ ফাল্গুন
-
তপন তালুকদার - আপডেট: ১১:৩১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
- 157
সর্বাধিক পঠিত




















