মনিরুজ্জামান লেবু, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় ইউনিয়ন পরিষদের পুকুর ভরাট করে সেই যায়গায় মার্কেট নির্মানের অভিযোগ উঠেছে ১০ নং শৌলমারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান জামানের বিরুদ্ধে। জানা গেছে, ইউনিয়ন পরিষদের মোট ১০৮ শতাংশ জমির মধ্যে ৩৫ শতাংশ জমিতেএকটি পুকুর ছিলো। স্থানীয় বাজারে যেকোন অগ্নিসংযোগ সংঘটিত হলেই, ওই পুকুর থেকেই পানির ব্যবস্থা করা হতো।নির্বাচিত হওয়ার পর বুড়িতিস্তা নদীতে ড্রেজার মেশিন বসিয়ে সেই পুকুর ভরাট করে বর্তমান চেয়ারম্যান নুরুজ্জামান মার্কেট নির্মানের কাজ শুরু করেছেন। স্থানীয়রা জানান, ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুরটি ভরাট করে সেই যায়গায় নিজস্ব অর্থায়নে মার্কেট নির্মান করছেন ইউপি চেয়ারম্যান এবং ইউপি সদস্যরা স্থানীয় বাসিন্দা শ্রী ধজেন্দ্রনাথ রায় বলেন, এখানে একটি পুকুর ছিল, পুকুরটি ভরাট করে এখন মার্কেট হচ্ছে এতোটুকুই জানি। জানতে চাইলে শৌলমারী ইউনিয়ন পরিষদ সচিব মোহাম্মদ আব্দুস সালাম মুঠোফোনে জানান, পুকুর ভরাট করার অনুমতির কাগজ আমার কাছে আছে কিন্তু মার্কেট নির্মাণ করার কোন অনুমতির কাগজ আমার কাছে নেই এ বিষয়ে চেয়ারম্যান সাহেব ভালো বলতে পারবে। তবে এটি কোন বরাদ্দের টাকায় হচ্ছে না, চেয়ারম্যান সাহেবের ব্যক্তিগত টাকায় এটি নির্মাণ করা হচ্ছে।
এ বিষয়ে শৌলমারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান জামান বলেন, এখানে পুকুর ছিল, আমরা ভরাট করেছি এখন মার্কেট নির্মাণ হচ্ছে, কারো অনুমতি নেইনি। আগের ইউএনও বলেছে এখানে মার্কেট করলে ভালো হয় তাই আমরা পরিষদের সবাই মিলে রেজুলেশন করে এটা করেছি। এ বিষয়ে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার বলেন, আমিতো নতুন এসেছি, আগের ইউএনও সাহেব অনুমতি দিয়েছে কিনা আমার জানা নেই। যাচাই-বাছাই করে দেখতে হবে।


























