খুলনা প্রতিনিধি: খুলনা অঞ্চলে দুই সপ্তাহ ধরে শৈত্যপ্রবাহ চলছে।
তীব্র এই শীতের মধ্যে ১৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে টিপ টিপ বৃষ্টি। সাড়ে ৯টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত চলা এ বৃষ্টিতে খুলনায় চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ বৃষ্টিতেই শহর ও গ্রামের নিচু অঞ্চলে পানি জমেছে। খুলনা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন বলেন, চলমান শৈত্যপ্রবাহের কারণে বীজতলা, সরিষা, সূর্যমুখীসহ বেশ কিছু সবজি হুমকিতে ছিল। কুয়াশার নেতিবাচক প্রভাব পড়ছিল। কিন্তু এই হালকা বৃষ্টি এ ক্ষেত্রে উপকার করেছে। একটু ভারি হলে অনেক ক্ষতির সম্ভাবনা হতো। তা হয়নি। মৃদু বৃষ্টির কারণে বোরো ধানের উপকার হলো।
এদিকে, বৃষ্টি উপেক্ষা করেও শ্রমজীবী মানুষ নেমে পড়েন কাজে। রিকশা কম বের হলেও ইজিবাইকে সয়লাব ছিল মহানগরীর সড়ক। কাঁচা বাজারে লোকজনের উপস্থিতি ছিল। খুলনার আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, সকালে দুই ঘণ্টায় চার মিমি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ সময়ে প্রতিবছরই খুলনায় কমবেশি বৃষ্টি হয়ে থাকে। মৌসুমি লঘুচাপের কারণে ভারত থেকে ভেসে আসা মেঘমালায় এ বৃষ্টি হয়। যা আজ বিকাল বা সন্ধ্যা নাগাদ আরও এক পসলা হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকালও আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। শনিবার থেকে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে।


























