মিশু দাশ: মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের ৫ নম্বর ঘাটের কাছে বাল্কহেডের ধাক্কায় রজনীগন্ধা নামে একটি ইউটিলিটি ফেরি ডুবে গেছে। ১৭ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই ফেরিতে নয়টি ট্রাক ছিল। মঙ্গলবার রাত ১টায় ফেরিটি রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসে। ঘন কুয়াশায় পথ দেখতে না পেয়ে মাঝ নদীতে আটকে ছিল অনেকক্ষণ। পরে কুয়াশা কেটে গেলে তীরে ভেড়ার সময় সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার ১৭ জানুয়ারি সকালে এ তথ্য নিশ্চিত করে মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আক্তার বলেন, আজ সকাল সোয়া ৮ টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। ডুবে যাওয়া ফেরি থেকে দশজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং বাকি একজনকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। এই ঘটনায় জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেটকে প্রধান করে মোট পাঁচ সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফেরি উদ্ধারের জন্য দৌলতদিয়া ঘাট থেকে উদ্ধারকারী জাহাজ হামজা রওনা হয়েছে বলেও তথ্য দেন তিনি।
এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, যানবাহন নিয়ে ফেরি ডোবার সংবাদ সকাল ৮টা ১৬ মিনিটে পাই। খবর পেয়েই আরিচা ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আাগে, বুধবার সকালে রজনীগন্ধা নামের ওই ইউটিলিটি ফেরি তীরে ভিড়তে এসে ৯টি যানবাহন নিয়ে ডুবে যায়। দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উদ্ধারকার্য চলমান রয়েছে।
মিশু দাশ 



















