সূর্যোদয় প্রতিবেদক : আগামী বছর এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিল মাসে নেওয়ার চেষ্টা থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ১৭ আগস্ট বৃহস্পতিবার ২০২৩ সালের এইচএসসি পরীক্ষা শুরুর দিন সকালে রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান শিক্ষামন্ত্রী।
আগামী বছর এইচএসসি পরীক্ষা কোন মাসে শুরু হতে পারে, জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর চেষ্টা থাকবে এইচএসসি এপ্রিলে করার। এসএসসি চেষ্টা করবো আগের মতো ফেব্রুয়ারিতে নিতে। আজ রাস্তায় অনেক জ্যাম ছিল, পরীক্ষার সময়টা একটু আগানো যায় কি না, এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, এসএসসির সময় আমরা এটা করেছিলাম। কিন্তু এইচএসসি পরীক্ষা দুই বেলায় অনুষ্ঠিত হচ্ছে। দুই বেলা পরীক্ষা থাকলে দেরিতে শুরু করলে সমস্যা হয়ে যায়।
এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার উপস্থিত ছিলেন।



















