সূর্যোদয় প্রতিবেদক : রাজধানীর রমনা মডেল থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আদালত জামিন নামঞ্জুর করে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সাংবাদিক শামসুজ্জামানের পক্ষে সিনিয়র আইনজীবী এহেসানুল হক সমাজী, প্রশান্ত কুমার কর্মকার জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন। এর আগে আজ (৩০ মার্চ) সকাল ১০ টার দিকে শামসুজ্জামানকে আদালতে হাজির করা হয়। বুধবার (২৯ মার্চ) শামসুজ্জামানের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। মামলা নম্বর ৫৮। মামলার এজাহারে বলা হয়, শামসুজ্জামানের প্রস্তুত করা প্রতিবেদন প্রথম আলোতে স্বাধীনতা দিবসে প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনের কারণে বাংলাদেশেসহ বহিঃবিশ্বে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিশ্বব্যাপী দেশের ভাবমূর্তি ও স্বাধীনতার অর্জন নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এদিকে একই ঘটনায় বুধবার মধ্যরাতে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, শামসুজ্জামান, সহযোগী ক্যামেরাম্যানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে রাজধানীর রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন আবদুল মালেক নামে এক আইনজীবী।
০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















