তপন তালুকদার | সূর্যোদয় : আজ ৩ নভেম্বর ৫১তম জেলহত্যা দিবস। জাতির ইতিহাসে এই দিনটি একটি বেদনাবিধুর দিন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর দিবাগত রাতে পুরান ঢাকার তৎকালীন কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে। হত্যাকান্ডের শিকার এই জাতীয় চার নেতা মধ্যে সৈয়দ নজরুল ইসলাম ছিলেন মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি , তাজউদ্দীন আহমদ,ছিলেন প্রধানমন্ত্রী, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামান ছিলেন মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য। জানাগেছে, ১৯৭৫ সালের ৪ নভেম্বর তৎকালীন কারা উপমহাপরিদর্শক কাজী আবদুল আউয়াল জাতীয় চার নেতাকে হত্যার ঘটনায় রাজধানীর লালবাগ থানায় হত্যা মামলা দায়ের করলেও এর তদন্ত দীর্ঘ ২১ বছর স্থগিত ছিল। এরপর ১৯৯৬ সালের জুন মাসে পুনরায় জেলহত্যা মামলার কার্যক্রম শুরু হয়। এর ধারাবাহিকতায় দীর্ঘ ২৯ বছর পর ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালত মামলার রায় ঘোষণা করেন। আদালতের রায়ে আট জনকে যাবজ্জীবন সাজা এবং তিন জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু ক্যাপ্টেন আবদুল মাজেদকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও এখনও সাজাপ্রাপ্ত ১০ জন আসামি ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। এদিকে ৩ নভেম্বরের জেলহত্যা দিবসে জাতি চার নেতাকে গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
০২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:

















