সূর্যোদয় ডেস্ক : || : বিদেশে ভালো চাকরি ও উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রাজধানীর ফকিরাপুল এলাকার আল রাহাত ট্রাভেলসের মালিক মুজিবের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, মুন্সিগঞ্জের বাসিন্দা মুজিব (৩১) দীর্ঘদিন ধরে বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা করে আসছেন। ভুক্তভোগীদের অভিযোগ, সৌদি আরবে আকর্ষণীয় বেতন ও ভালো কর্মপরিবেশের আশ্বাস দিয়ে গ্রামের সহজ-সরল মানুষদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করেন মুজিব। পরে তাদের মধ্যে কিছু লোককে সৌদি আরব পাঠানো হলেও সেখানে চুক্তি অনুযায়ী চাকরি বা বেতন না পাওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েন। ভুক্তভোগীরা জানান, বিদেশে যাওয়ার জন্য কেউ জমি বিক্রি করেছেন, কেউ ঋণ নিয়েছেন, আবার কেউ পরিবারের সঞ্চিত অর্থ ব্যয় করেছেন। কিন্তু সৌদি আরবে পৌঁছানোর পর প্রতিশ্রুত চাকরি না পেয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন তারা। অনেকেই বেকার অবস্থায় দিন কাটাচ্ছেন, আবার কেউ কেউ কম বেতনের কাজে যোগ দিতে বাধ্য হয়েছেন।নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, ভালো চাকরি ও মাসে উচ্চ বেতনের আশ্বাসে আমরা কয়েক লাখ টাকা দিয়েছি। কিন্তু সৌদি আরবে এসে দেখি বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এখন পরিবার-পরিজন নিয়ে চরম সংকটে আছি। এদিকে অভিযোগ উঠার পর থেকে অভিযুক্ত মুজিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তারা বিষয়টি তদন্ত করে প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন। বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারগুলো। তাদের দাবি, বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণাকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে আর কেউ এ ধরনের প্রতারণার শিকার হবে না।
০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















