গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতাররা হলো- কুমিল্লার হোমনা থানার অনন্তপুর এলাকার হানিফ মিয়ার ছেলে শাহজালাল (২৫)। পাবনা জেলার পাঁচবাড়িয়া এলাকার কিয়ামুদ্দিন হাসানের ছেলে মো. ফয়সাল হাসানকে (২৩)। এছাড়া সুমন নামে আরও এক আসামিকে চাপাতি ও সুইচ গিয়ারসহ গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের সদস্যরা। গ্রেফতারা তুহিন হত্যায় সরাসরি জড়িত বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে শাহজাহানকে ময়মনসিংহের গফরগাঁও থানাধীন চর মসলন্দ মোড়লপাড়া থেকে গ্রেফতার করা হয়। ফয়সালকে গাজীপুর নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের চান্দনা এলাকার মাহবুব স্কুল মোড়ে রফিকুল ইসলামের ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এ মামলায় মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত চান্দনা চৌরাস্তা এলাকায় আসাদুজ্জামানকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। তিনি দৌড়ে ঈদগাঁ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন, যেখানে দুর্বৃত্তরা ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয় একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। মহানগর গোয়েন্দা পুলিশ, র্যাব ও পিবিআই যৌথভাবে অভিযান চালিয়ে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে। গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান জানান, এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িত অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চলছে। সাংবাদিক আসাদুজ্জামানের বড় ভাই সেলিম শুক্রবার সকালে হত্যা মামলা দায়ের করেছেন, যেখানে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
০৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















