সূর্যোদয় প্রতিবেদক : লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের কেয়ারটেকার কুমিল্লার মেঘনা থানার ২ নম্বর মানিকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন অর্থ পাচারে জড়িত। যে ব্যক্তি ১০ বছর আগেও ঢাকায় লেগুনা চালাতেন, তিনি এখন প্রায় ১২শ কোটি টাকার মালিক। টাকাগুলো তিনি বিদেশে পাচার করেছেন বলে জানা গেছে। আওয়ামী লীগ সরকার আমলে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সখ্যতা গড়ে তুলে বিগত আওয়ামীলীগ সরকার আমলে ওবায়দুল কাদেরকে ২ কোটি ও একটি দামী গাড়ি উপহার দিয়ে নৌকা প্রতীক নিয়ে হয়েছেন চেয়ারম্যান। কুমিল্লার মেঘনা থানার ২ নম্বর মানিকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকিরের বিরুদ্ধে হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। সূত্র মতে, সাবেক সংসদ সদস্য পাপুল ও তার স্ত্রীসহ ছয়জনের বিরুদ্ধে পল্টন থানায় মানি লন্ডারিং মামলা করে সিআইডি। ওই মামলায় জাকির হোসেন চেয়ারম্যানের সম্পৃক্ততা পায় সংস্থাটি। পাপুল ও তার স্ত্রী মামলায় জড়ানোর পর অর্থ লেনদেন জাকিরের মাধ্যমেই হয়। এ ছাড়াও সেলিনা ইসলামের মিরপুরের ডিওএইচএসে প্লট ও বসুন্ধরা আবাসিক এলাকায় প্লটটিও দেখাশোনা করেন জাকির চেয়ারম্যান। খোঁজ নিয়ে জানা গেছে, জাকির হোসেনের গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনা থানাধীন ২ নম্বর মানিকারচরের উজানচর নোয়াগাঁও এলাকায়। বাবা জজ মিয়া একজন কৃষক। এসএসসি পাস জাকির ২০০৮ সালে ঢাকায় এসে গাড়ি চালানো শেখেন। তারপর দুই বছর ঢাকায় লেগুনার চালক হিসেবে কাজ করেন। পরে নিজেই একটি প্রাইভেটকার কিনে ভাড়ায় চালানো শুরু করেন। অভিযোগ উঠেছে, প্রতারণার টাকায় জাকির তার নিজ জমির ওপর আলিশান বাড়ি নির্মাণ করেছেন। ওই বাড়ি নির্মাণকাজে আট কোটি টাকা খরচ করেছেন। এ ছাড়াও নির্বাচনে প্রতীক বাগিয়ে নিতে আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতাকে দিতে হয়েছে প্রাডো গাড়ি। ইউপি নির্বাচনে জয়ী হতে ব্যয় করেছেন আট কোটি টাকা। এ ছাড়াও বিশাল জমির ওপর গরু, ছাগল ও হাঁস-মুরগির জন্য গড়ে তোলেন জাহিদ মাসুদ অ্যাগ্রো (জেএমএ) নামের খামার। এই খামার তার ছেলের নামে। নির্বাচনে বিপুল টাকা খরচ করে চেয়ারম্যান হয়েছেন। ঢাকাতে তিনি ফ্ল্যাট-প্লট ও গাড়ি কিনেছেন। এ ছাড়া প্রতারণার টাকায় তিনি ছেলেকে আমেরিকায় পাঠিয়েছেন। এ এক অভিনব প্রতারণার গল্প। যার নায়ক কুমিল্লার মানিকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন। ৩৪ বছরের এই যুবক মাত্র ৬ বছরের ব্যবধানে প্রাইভেটকারের চালক থেকে হয়েছেন শত শত কোটি টাকার মালিক।
০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















