চট্টগ্রাম প্রতিবেদক : উত্তর ফটিকছড়ির হেয়াকো বনানী ডিগ্রী কলেজের এডহক কমিটির সভাপতি মোজাম্মেল হায়দার চৌধুরীর পরিবর্তে কর্ণেল (অবঃ) আজিম উল্যাহ্ বাহারকে সভাপতি মনোনীত করে দেয়া চিঠি স্থগিত করে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট। গত ৩১ অক্টোবর বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নাজিম এবং সিকদার মাহমুদুর রাজিব এর দ্বৈত বেঞ্চে এ সংক্রান্ত রিট পিটিশনের শুনানী শেষে এ রুল জারি করে। উল্লেখ্য যে, গত ৬ অক্টোবর ৩৭৫৪ নং পত্রমূলে মোজাম্মেল হায়দার চৌধুরীকে সভাপতি করে ৬ মাস মেয়াদের জন্য ৫ জনের একটি এডহক কমিটি অনুমোদন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার। মোজাম্মেল হায়দার চৌধুরী আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্বভার গ্রহণ করেন। গত ২৪ অক্টোবর ৪২৪৪ নং চিঠিমূলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভূক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধন) সংবিধি ২০১৯ এর ৭ নং ধারার প্রদত্ত ক্ষমতাবলে মোজাম্মেল হায়দার চৌধুরী এর পরিবর্তে কর্ণেল (অবঃ) আজিম উল্যাহ বাহারকে সভাপতি মনোনীত করে চিঠি দেয়া হয়। এ ব্যাপারে রিটকারী পক্ষের আইনজীবি এডভোকেট ওমর ফারুক বলেন, আজিম উল্যাহ বাহারকে সভাপতি করে দেয়া আদেশ স্থগিত করা হয়েছে। শুনানী না হওয়া পর্যন্ত মোজাম্মেল হায়দার চৌধুরী হেয়াকো বনানী ডিগ্রী কলেজের সভাপতি পদে বহাল থাকবেন। এছাড়া আমরা একক ক্ষমতাবলে সভাপতি পরিবর্তনের আইন ৭ ধারাকে চ্যালেঞ্জ করেছি।
১০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:




















