তপন তালুকদার, চট্টগ্রাম থেকে: চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় আন্দোলনকারী এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, ছাত্রশিবির সন্দেহে তাকে আটক করা হয়েছে। আটক ওই ছাত্রের নাম নাজমুল হাসান (২৫)। তিনি সরকারি সিটি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র বলে জানা গেছে। এছাড়া সংঘর্ষে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের অনেককে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। ১৮ জুলাই বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সংঘর্ষ শুরু হয়। পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে আন্দোলনকারীদের। জানা গেছে, সকাল ১০টা থেকে নতুন ব্রিজ এলাকায় অবস্থান নেয় আন্দোলনকারীরা। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এদিকে কোটা আন্দোলনকারীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে চট্টগ্রাম নগরের গাড়ি চলাচল স্বাভাবিক থাকলেও তবে দূরপাল্লার কোনো গাড়ি চলছে না। নতুন ব্রিজ এলাকায় ঘটনাস্থলে থাকা এডিসি আশরাফুল করিম জানান, এখানে প্রচুর সংখ্যক বিজিবি এবং পুলিশ সদস্য মাঠে রয়েছে। বিজিবির তিনটি রায়ট কার এবং দুই প্লাটুন বিজিবি মাঠে নেমেছে। দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি অনুযায়ী, হাসপাতাল ও জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সবকিছু বন্ধ থাকবে এবং রাস্তায় অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন চলবে না বলে জানানো হয়।
১১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
-
তপন তালুকদার - আপডেট: ০১:০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
- 192
সর্বাধিক পঠিত



















