মিশু দাশ: পবিত্র রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার পৃথক প্রজ্ঞাপন স্থগিত করে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে রমজানে স্কুল খোলা থাকবে। ১২ মার্চ মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ। এর আগে এক অভিভাবকের করা এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি শেষে ১০ মার্চ রোববার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রুলসহ স্থগিতাদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ ও আইনজীবী মাহমুদা খানম। ওইদিন জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ জানান, রমজানে প্রাথমিক স্কুল ১০ দিন ও হাইস্কুল ১৫ দিন খোলা রেখে সরকারের সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে হাইকোর্ট রুলও জারি করেছেন। এ আদেশ স্থগিত চেয়ে সোমবার (১১ মার্চ) আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
সোমবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের এ আবেদন আজ মঙ্গলবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ধার্য করে দেন চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম। গত ৮ ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণকল্পে ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধনপূর্বক আসন্ন পবিত্র রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মিশু দাশ 


















