সূর্যোদয় প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনেই মহাসমাবেশ করবে বিএনপি। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানিয়েছেন।
রিজভী বলেন, সবকিছু বিবেচনা করে শুক্রবার বেলা ২টায় বিএনপির মহাসমাবেশ এ নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই অনুষ্ঠিত হবে।
এসময় সমাবেশকে ঘিরে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, গ্রেপ্তারের সংখ্যা পাঁচশ’র অধিক। গতকাল থেকে শত শত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, এখানে অগণতান্ত্রিক আচরণ করা হয়েছে। কেন আমাদের নেতাদের পা ভেঙে দেওয়া হচ্ছে? আবারও বলছি, এটা শান্তিপূর্ণ মহাসমাবেশ। এখানে যে দমনের প্রক্রিয়া নিয়েছেন, এটা থেকে সরে যান। আর প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, আগামীকাল আপনারা সহযোগিতা করবেন এবং আপনাদের দায়িত্ব পালন করবেন।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।




















