সূর্যোদয় প্রতিবেদক : দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হয়েছে। ১১টা থেকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। ১২ জুন সোমবার আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশে বিস্তার লাভ করেছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কম-বেশি বৃষ্টিপাত হচ্ছে। পূর্বাভাসে বলা হচ্ছে, আগামীকাল ১৩ জুন মঙ্গলবার সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এতে রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হবে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৮-১২ কিলোমিটার।




















