সূর্যোদয় প্রতিবেদক : পবিত্র রমযান উপলক্ষে চট্টগ্রাম-১০ আসনের সর্বস্তরের জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ আল নোমান। দৈনিক সূর্যোদয়ে পাঠানো এক বার্তায় তিনি চট্টগ্রামের আপামর জনসাধারণের প্রতি সালাম ও গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ঢাকায় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান ও জরুরি দায়িত্বে ব্যস্ত থাকায় সদিচ্ছা থাকা সত্ত্বেও অনেকের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করা সম্ভব হয়নি। এ জন্য তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করেন এবং অচিরেই চট্টগ্রামে ফিরে সবার সঙ্গে মতবিনিময় করে উন্নয়ন কার্যক্রম শুরু করার আশ্বাস দেন। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করায় চট্টগ্রাম-১০ আসনের সকল ভোটারদের প্রতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর সকল স্তরের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে চট্টগ্রাম-১০ আসনের তৃণমূল পর্যায়ের সহযোদ্ধাদের অক্লান্ত পরিশ্রম, শ্রম ও সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের সম্মিলিত প্রচেষ্টায় এ বিজয় সম্ভব হয়েছে।
তিনি বলেন, দল-মত-ধর্ম নির্বিশেষে জনগণ ধানের শীষ প্রতীকের প্রতি যে আস্থা রেখেছেন এবং তাঁর ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তা সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে পালনের অঙ্গীকার করেন। সংঘাত-সংশয়মুক্ত, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিও সম্মান ও কৃতজ্ঞতা জানান তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থীর সঙ্গে নির্বাচন-পরবর্তী ফোনালাপের কথা উল্লেখ করে তিনি জানান, সময়ের সীমাবদ্ধতায় সবার সঙ্গে সাক্ষাৎ সম্ভব না হলেও চট্টগ্রামে ফিরে অবশ্যই সৌজন্য সাক্ষাৎ করবেন। “শত্রুতা নয়, সৎ প্রতিযোগিতাই হোক রাজনীতির মূলনীতি”—বলেন তিনি। আগামী ২৫ ফেব্রুয়ারি তাঁর পিতা মরহুম আবদুল্লাহ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সবার কাছে দোয়া কামনা করেন সাঈদ আল নোমান। তিনি আল্লাহর কাছে তাঁর পিতার মাগফিরাত কামনা করেন।বিশ্বমানের চট্টগ্রাম গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, চট্টগ্রাম-১০ আসনের জনগণকে সঙ্গে নিয়েই উন্নয়নের নতুন অধ্যায় শুরু হবে। তিনি সবার কাছে নিজের জন্য দোয়া কামনা করেন এবং দলের নেতা তারেক রহমান-এর নেতৃত্বে একটি সুষম, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
০৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানালেন চট্টগ্রাম-১০ আসনের এমপি সাঈদ নোমান
সর্বাধিক পঠিত


















