লোহাগাড়া প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় এলপিজি গ্যাসের সঙ্গে পানি ও পেট্রোল মিশিয়ে মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বাজারজাতের দায়ে সাবেক ছাত্রদল নেতা মো. ইলিয়াছকে (২৫) ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল ২ জুলাই বুধবার বিকেলে উপজেলার কলাউজান ইউনিয়নের ২নং ওয়ার্ডের খালদাদ খাঁন পাড়ার তেলি পুকুরপাড় সংলগ্ন এলাকায় অভিযান চালায় ভাম্যমাণ আদালত। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল এ কারাদণ্ড দেন। ইলিয়াছ ওই এলাকার আবদু শুক্কুরের ছেলে ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লোহাগাড়া উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক। জানা গেছে, দীর্ঘ এক মাস যাবত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লোহাগাড়া উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইলিয়াস ওই বাজারে তার মালিকানাধীন মুরগির খামারে এলপিজি গ্যাস সিলিন্ডারে পানি ও পেট্রোল ভর্তি করে মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বাজারজাত করে আসছেন। ঘটনার দিন ভ্রাম্যমাণ আদালত তাকে হাতে-নাতে ধরে। এ সময় তার মুরগির খামার থেকে ১৭১টি খালি ও ১০০টি পানি-পেট্রোল ভর্তি মেয়াদোত্তীর্ণ এলপিজি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে এলপিজি গ্যাস সিলিন্ডারে পানি ও পেট্রোল ঢুকানোর কাজে ব্যবহৃত একটি কম্প্রেশার মেশিন জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল বলেন, মুরগির খামারের ভিতরে কমপ্রেসারের মাধ্যমে পানি ও পেট্রোল মিশিয়ে মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডারে ভর্তি করছিল একটি চক্র। তারা এলপিজি গ্যাস সিলিন্ডারে বসুন্ধরাসহ বিভিন্ন ব্রান্ডের স্টিকার ব্যবহার করে প্রতারণা করে আসছে। এ সময় ঘটনাস্থল থেকে মো. ইলিয়াছ নামে একজনকে আটক করা হয়। তাকে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় ১৭১টি খালি ও ১০০ পানি এবং পেট্রোল ভর্তি মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার, একটি কমপ্রেসার মেশিন জব্দ করা হয়।
০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সর্বাধিক পঠিত




















