রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলীতে দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে ব্যাপক গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় তৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ ২০ জানুয়ারি শনিবার সকালে উপজেলার দুর্গম গাইন্দা ইউনিয়নের মাঝামাঝি ও বাঙ্গালহালিয়া আগাপাড়া ম্রংখ্যপাড়ায় এ ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনসারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে আঞ্চলিক দুই দলের মধ্যে ঘণ্টা দুয়েক গুলি বিনিময়ের ঘটনা ঘটে। তিনি আরও বলেন, পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস সন্তু লারমার নেতৃত্বাধীন (জেএসএস) এবং মারমা ন্যাশনাল পার্ট (এমএনপি/মগপার্টি) এর মধ্যে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে। ওই এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে। ঘটনাস্থলে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ যায়নি বলে জানিয়ে ওসি আনসারুল করিম বলেন, কী পরিমাণ গুলি বিনিময় হয়েছে তার সঠিক তথ্য আমরা এখনো পাইনি।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, ওই ঘটনায় দুপক্ষের প্রায় ১ হাজার রাউন্ডের বেশি গুলি বিনিময় হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।




















