তপন তালুকদার, সূর্যোদয়: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা দ্বিতীয় দিনের মতো আপিল করতে শুরু করেছেন নির্বাচন কমিশনে। ৬ ডিসেম্বর বুধবার সকাল ১০ টা থেকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিচের ১০টি বুথে এ কার্যক্রম শুরু হয়।
গতকাল ৫ ডিসেম্বর মঙ্গলবার শুরু হয়েছিল এ আপিল কার্যক্রম। প্রথমদিনের আপিল গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ১০টি বুথের মাধ্যমে আপিল গ্রহণের কার্যক্রম পরিদর্শন করেন। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত আপিল গ্রহণ চলবে। পরে ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আবেদনের শুনানি হবে।
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশের ৩০০ আসনে ৭৪৭ জন স্বতন্ত্রসহ মোট ২ হাজার ৭১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু, গত ১ থেকে ৪ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র গ্রহণ করেন এবং বাকি ৭৩১টি বাতিল করেন। মনোনয়নপত্রের বেশিরভাগই তিনটি কারণে বাতিল করা হয়েছে। সেগুলো হলো-স্বতন্ত্র প্রার্থীদের জমা দেওয়া এক শতাংশ ভোটারের সইয়ে অমিল, ঋণ ও ইউটিলিটি বিলের খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব।
তপন তালুকদার 



















