সূর্যোদয় ডেস্ক ● অতিরিক্ত বিদ্যুৎ বিল আসা নিয়ে প্রধানমন্ত্রী ও সরকারকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর (২৫) জামিন না মঞ্জুর করেছেন আদালত। সোমবার ৭ সেপ্টেম্বর দুপুরে গাজীপুর মেট্টোপলিটন আদালত-৫ এর বিচারক রাকিবুল হাসানের আদালতে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে জামিন না মঞ্জুর করেন বিচারক। সিফাত আব্দুল্লাহ্ গাজীপুর মহানগরীর (৩৮ নম্বর ওয়ার্ড) টিনের মসজিদ এলাকার বাসিন্দা। সিফাতের আইনজীবী রাশেদুল ইসলাম বলেন, আজ সোমবার সকালে জামিনের জন্য গাজীপুর মেট্টোপলিটন আদালত-৫ আবেদন করেন সিফাত আব্দুল্লাহ্। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের বিরোধিতায় সিফাত আব্দুল্লাহ্ জামিন না মঞ্জুর হয়। এখন আমরা সেশন কোর্টে যাবো। রাষ্ট্রপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান বলেন, গ্রেপ্তার সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। তার পক্ষে আইনজীবীরা জামিন চাইলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করেন। প্রসঙ্গত, ৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারকে নিয়ে ফেসবুকে কটুক্তির জেরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহকে (২৫) কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পুলিশ জানিয়েছে, সিফাত আব্দুল্লাহ্ বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য ও লেখালেখি করে আসছিলেন। সবশেষ গত বৃহস্পতিবার তিনি ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন। ওই ভিডিওতে সরকারের সংশ্লিষ্টদের উদ্দেশে কটূক্তি করতে দেখা যায় তাকে। ভিডিওতে সিফাত দাবি করেন, তার বাসায় এ মাসে চার হাজার টাকা এবং আগের মাসে পাঁচ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। তার দাবি, এই বিদ্যুৎ বিল স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পরে ভিডিওটি ছড়িয়ে পড়লে তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়।
০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:


















