সূর্যোদয় ডেস্ক ● গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণতন্ত্রে বিশ্বাস শুধু কোনো ব্যবস্থাগত বিষয় নয়, এটি একটি মানসিকতারও বিষয়। নিজের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও সমালোচনা গ্রহণ করার মানসিকতা থাকতে হয়। মঙ্গলবার ২৫ আগস্ট সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আন্দালিভ রহমান বলেন, গত ১৭ বছরে সমালোচনা শোনার সেই মানসিকতা ছিল না। তবে বর্তমান সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না। তিনি বলেন, গত ছয় মাসে সরকার বা প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে গণমাধ্যমকে কোনো নির্দিষ্ট ধরনের সংবাদ প্রকাশের নির্দেশনা দেওয়া হয়নি। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও তিনি স্পষ্ট করে বলেছেন, কাউকে নিয়ন্ত্রণ করা হবে না । সাংবাদিকদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। সরকার ও গণমাধ্যম পরস্পরের প্রতিপক্ষ নয়। দেশকে এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সরকারের সমালোচনা অবশ্যই করা হবে এবং সেটি গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক অংশ। তবে দেশের বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্ব দেন তিনি। সংবাদ সম্মেলনে গণমাধ্যমের স্বাধীনতা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, সরকারি টেলিভিশনে বিরোধী দলের খবর প্রচার, দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক বাস্তবতাসহ বিভিন্ন বিষয়ে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সর্বাধিক পঠিত
























