সূর্যোদয় প্রতিবেদক : মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তিন দিনের সফরে আজ সোমবার (১১ আগস্ট) দুপুর ২ টায় মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার এই সফরে ৫টির মতো সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ও পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে গতকাল রোববার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পাবলিক ডিপ্লোমেসি) শাহ আসিফ রহমান জানান, ১২ আগস্ট পুত্রযায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন, শ্রমবাজার সম্প্রসারণ, গভীর সমুদ্রের সঠিক ব্যবহার, কৃষি ও দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে। রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলোকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হবে।প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বৈঠকে খাজানার সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা সহযোগিতা, গভীর সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে বিনিয়োগ আহ্বান করা হবে। তিনি বলেন, সমুদ্রের ৪০-৫০ কিলোমিটারের মধ্যে আমরা মাছ আহরণ করি। অথচ সমুদ্রের সীমানা প্রায় ২ লাখ ১০ হাজার বর্গকিলোমিটার। বাংলাদেশের সীমানার চেয়ে বেশি। এখানে প্রধান উপদেষ্টা গুরুত্ব দিতে চাইছেন। এর আগে জাপান সফরেও প্রধান উপদেষ্টা অনেক কথা বলেছেন।
সফরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও তার সাক্ষাৎ হতে পারে। সেখানে তারা মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় জটিলতা নিরসনের বিষয়ে কথা বলবেন।মালয়েশিয়ায় জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা সন্দেহে আটক বাংলাদেশিদের বিষয়ে প্রেস সেক্রেটারি বলেন, দুই দেশের পুলিশের মধ্যে একটা চুক্তি হয়েছে। এখন থেকে যে কোনো ধরনের তথ্য যাতে যাচাই-বাছাই করা যায় এবং দ্রুত তথ্য শেয়ার করা যায় সে বিষয়ে আলোচনা হচ্ছে। বিষয়গুলো দুই দেশ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত বছরের অক্টোবরে ড. ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশ সফর করেন।
০১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
আজ সোমবার দুপুরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সর্বাধিক পঠিত




















