চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের ফটিকছড়ির হেঁয়াকো বনানী কলেজে গভর্নিং বডির সভাপতি পদে নিয়োগকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি লিখিত অভিযোগ থাকা সত্ত্বেও গত ৩১ জুলাই বৃহস্পতিবার কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কর্ণেল আজিম উল্লাহ বাহার (অবঃ) কে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের ভিত্তিতে কর্ণেল আজিম উল্লাহ বাহার (অবঃ) কে কলেজ গভর্নিং বডির সভাপতি ঘোষণা করা হয়। তবে এ ঘোষণাকে ঘিরে কলেজ সংশ্লিষ্ট একাংশ এবং স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। এ বিষয়ে হেঁয়াকো বনানী কলেজের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা চাই একজন যোগ্য ও শিক্ষানুরাগী ব্যক্তি বোর্ডের সভাপতি হোক। যিনি প্রতিষ্ঠানের স্বার্থে কাজ করবেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কর্ণেল আজিম উল্লাহ বাহার (অবঃ) এর বিরুদ্ধে কলেজ পরিচালনা সংক্রান্ত স্বেচ্ছাচারিতা ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ দীর্ঘদিন ধরে স্থানীয়দের মধ্যে আলোচিত। তার নাম ঘোষণার পরপরই শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এবং অনেকেই এ সিদ্ধান্তকে অবৈধ ও পক্ষপাতদুষ্ট বলে দাবি করেন। একাধিক অভিযোগের তদন্ত না করেই তাকে সভাপতি ঘোষণা করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। স্থানীয়রা বলছেন, অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ ধরনের সিদ্ধান্তে শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিবেশ আরও অস্থিতিশীল হতে পারে। এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছে। উল্লেখ্য, সভাপতি পদ নিয়ে বেশ কিছুদিন ধরেই কলেজ এলাকায় দ্বন্দ্ব এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। কর্ণেল আজিম উল্লাহ বাহার (অবঃ) এর নাম ঘোষণার পর এ বিরোধ নতুন মাত্রা পেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এলাকার সচেতন মহল আশা প্রকাশ করেছেন, কলেজের স্বাভাবিক শিক্ষা পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট মহল দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
০৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:




















