লোহাগাড়া প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেল, অটোরিকশা ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের দুই ভাই ও তাদের মামা নিহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদার দিঘির পূর্বপাড় চিপবাড়ী সড়কের মাথায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—সাতকানিয়ার বাহাদিরপাড়া এলাকার ছিদ্দিক আহমদের ছেলে মো. হুমায়ুন (৩৭) ও মো. মামুন (৩২) এবং তাদের মামা করাইয়ানগর আকবরপাড়া গ্রামের আবদুল সাত্তারের ছেলে মনির হোসেন (৪৫)। মনির হোসেন তিন সন্তানের জনক ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, তিনজন একটি মোটরসাইকেলে করে চট্টগ্রামমুখী ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনজনই ছিটকে পড়ে যান। এ সময় কক্সবাজারগামী একটি মহিষবোঝাই ট্রাক তাদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতদের পরিবার সূত্রে জানা যায়, চরম্বা ইউনিয়নের লালারখিল এলাকায় হুমায়ুন ও মামুনের বোনের বিয়ের কথাবার্তা চলছিল। সেই সূত্রে পাত্রপক্ষের বাড়ি দেখতে মামাকে সঙ্গে নিয়ে যান তারা। সেখান থেকে ফেরার সময়ই দুর্ঘটনার শিকার হন। লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আজাদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে সহায়তা করি। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক ডা. ছাদেকুর রহমান বলেন, ‘নিহত তিন যুবককে হাসপাতালে আনা হয়েছিল, তবে তাদের আগেই মৃত্যু হয়েছে।
০৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:


























