আকাশ দেবনাথ, কক্সবাজার থেকে : ডিসেম্বরের মাঝামাঝি থেকে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজারে। গেলো সপ্তাহে বিশেষ করে ১৬ ডিসেম্বরের আগে দু-দিন সাপ্তাহিক ছুটি মিলিয়ে চারদিনের ছুটিতে আশাতীত পর্যটকের উপস্থিতি বাড়ে কক্সবাজারে। চলতি সপ্তাহেও পর্যটকের ভিড় বেড়েছে। আসছে ২৫ ডিসেম্বর, খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের উৎসব, সেই সঙ্গে থার্টিফার্স্ট নাইট ঘিরে পর্যটকের সংখ্যা কয়েকগুণ বেড়ে গেছে। সৈকতের সুগন্ধা, লাবণী ও কলাতলী পয়েন্টে গিয়ে দেখা যায়, সৈকতের বেলাভূমিতে ভিড় করছে লাখো পর্যটক। শীত উপেক্ষা করে তীরে আছড়ে পড়া ঢেউয়ের নীল জলরাশিতে গা ভেজাচ্ছেন সমুদ্রপ্রেমীরা। কক্সবাজার শহর ও আশপাশের হোটেল-মোটেল এবং গেস্ট হাউজে ভাড়া দেওয়ার মতো কোনো কক্ষ খালি নেই। পর্যটকের ভিড়ে পাঁচ শতাধিক হোটেল-গেস্ট হাউস গুলোতে অন্য সময়ের চেয়ে দাম বাড়িয়ে নিয়েছে। জানাগেছে, এক সপ্তাহ ধরে কক্সবাজার শহর ও আশপাশের হোটেল-মোটেল এবং গেস্ট হাউজে ভাড়া দেওয়ার মতো কোনো কক্ষ খালি নেই। বুকিং ছাড়া এসে অনেকে খোলা জায়গায় রাত কাটাচ্ছেন অনেকে। কক্সবাজার হোটেল-গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার বলেন, কক্সবাজার সৈকতের নিকটবর্তী পাঁচ শতাধিক হোটেলে-মোটেলে এক লাখ ৩০ হাজার পর্যটক থাকার ব্যবস্থা রয়েছে। গত কয়েকদিন কোনো হোটেলে কক্ষ খালি যাচ্ছে না। বিড়ম্বনা এড়াতে পর্যটকদের কক্সবাজার ভ্রমণের আগে অনলাইনে হোটেল বুকিং দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সৈকতে দায়িত্বপালন করা জেলা প্রশাসনের কর্মী বেলাল হোসেন ও মোহাম্মদ ইসমাইল জানান, টানা ছুটির সূত্র ধরে কক্সবাজারে ১৩ ডিসেম্বর থেকে পর্যটক সমাগম বেড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় চাকরিজীবীদের পাশাপাশি ব্যবসায়ীরাও পরিবার নিয়ে কক্সবাজার আসছেন। তারা জানান, অনেকে আগাম বুকিং ছাড়া চলে আসায় সিন্ডিকেটের কবলে পড়ে বাড়তি টাকায় রুম নিতে বাধ্য হয়েছেন। সমুদ্রস্নানে পর্যটকের ভিড় বাড়ায় নিরাপত্তা ও সচেতনতার পাশাপাশি লাইফ গার্ড কর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সি সেইফ লাইফ গার্ড সংস্থার ইনচার্জ মোহাম্মদ ওসমান। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কালাম বলেন, পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের একাধিক টিম কাজ করছে। সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ রয়েছে পুলিশ। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, পর্যটকদের সেবা নিশ্চিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে। হোটেল কক্ষের ভাড়া ও রেস্তোরাঁগুলোতে খাবারের দাম অতিরিক্ত আদায়ের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পর্যটকের ঢল নেমেছে কক্সবাজারে, খোলা জায়গায় রাত কাটাচ্ছেন অনেকে
-
আকাশ দেবনাথ - আপডেট: ০২:৫৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
- 203
সর্বাধিক পঠিত




















