সূর্যোদয় ডেস্ক : ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে ব্যাপক অপপ্রচার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। তিনি ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সত্য তুলে ধরতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়নি। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমাদের সম্পর্কে অনেক মিথ্যা প্রচার করছে। একমাত্র আপনারাই এটার বিরুদ্ধে কাউন্টার সত্যটা তুলে ধরতে পারেন। আপনারা সত্য ঘটনা প্রকাশ করে এদের (ভারতীয় মিডিয়া) এই মিথ্যা প্রচার বন্ধ করে দিতে পারেন, এর জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব। আমাদের দেশের সাংবাদিকরা সত্যি ঘটনাটাই বলে এবং আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন। তাহলে যারা অপপ্রচার করছে তাদের মুখে চুনকালি পড়বে। ২ ডিসেম্বর সোমবার সকালে রংপুরের পীরগঞ্জে মদনখালী ইউনিয়নের জাফরপাড়ার বাবনপুর গ্রামে যান তিনি। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। আবু সাঈদ হত্যা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আবু সাঈদের বীরত্ব বলে শেষ করা যাবে না। আমি শুনেছি এখানে (পীরগঞ্জে) সাঈদের নামে একটা ফাউন্ডেশন তৈরি করা হচ্ছে। এই ফাউন্ডেশনে আমাদের পক্ষ থেকে যত ধরনের সাহায্য এবং সহযোগিতা দরকার হবে আমরা দেব। এসময় তিনি বলেন, আবু সাঈদ হত্যা মামলায় তিনজন আসামি গ্রেপ্তার হয়েছে। এই মামলা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুনানি শুরু করব। অন্যান্য যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে তাদের যদি আপনারা (মিডিয়া) আইডেন্টিফাই করতে পারেন এবং আমার পুলিশ আইডেন্টিফাই করতে পারে, তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। কাউকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেন স্বাভাবিক হচ্ছে না, এ প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ধরেন একটা ঝড়-ঝাপ্টার পরও কিন্তু আপনার ঘর রিপিয়ার করতে একটু সময় দরকার হয়। একেবারে যদি সঙ্গে সঙ্গে বলেন আমার ঘরটা ঝড়ের আগে যেরকম ছিল সেরকম এখন কেন হয়নি। আমাদেরও কিছু সময় দিতে হবে। এসময় উপস্থিত ছিলেন, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আসফাকুজ্জান, র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে আবু সাঈদের এলাকার শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। দুপুরে রংপুর পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বিভাগীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বিকেলে বিভাগীয় কৃষি কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।
০৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:




















