চট্টগ্রাম ব্যুরো ● চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন,মাদক ও সন্ত্রাস যুব সমাজ তথা একটি জাতিকে ধ্বংস করে দিতে পারে। এ ধ্বংসের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুক্রবার ২৮ আগস্ট বিকেলে ফটিকছড়িতে আয়োজিত মাদক ও সন্ত্রাসবিরোধী র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরোয়ার আলমগীর বলেন, মাদক কারবারি ও সন্ত্রাসী যেই হোক, কোনো ছাড় নেই। আমার দলের হলেও রক্ষা নেই। বর্তমানে তারেক রহমান সরকার মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। আমিও ফটিকছড়িতে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। এ যুদ্ধে আমাদের জিততে হবে। মাদক কারবারি ও সন্ত্রাসীদের স্থান ফটিকছড়িতে হবে না। আমি বেঁচে থাকতে তাদের এখানে এসব কাজ করতে দেব না। মাদক ও সন্ত্রাস প্রতিরোধে অভিভাবকসহ সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তানরা কোথায় যায়, কী করে, সে বিষয়ে অভিভাবকদের খোঁজ রাখতে হবে। সন্তানদের সঠিকভাবে শাসন ও দিকনির্দেশনার মাধ্যমে বিপথে যাওয়া থেকে রক্ষা করতে হবে। পরে সংসদ সদস্য সরোয়ার আলমগীরের নেতৃত্বে মাদক ও সন্ত্রাসবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি নাজিরহাট থেকে শুরু হয়ে প্রায় সাত কিলোমিটার পথ হেঁটে ফটিকছড়ি সদরে গিয়ে শেষ হয়। সমাবেশ ও র্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
০৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















