সূর্যোদয় ডেস্ক : || : রাজধানীর মহাখালীর টিবি গেট পূর্বপাড়া এলাকায় পরকীয়া-সংক্রান্ত বিরোধের জেরে মো. মামুন (৩৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বিউটি আক্তার (৩০) নামে ওই নারীকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ। শনিবার ১১ জুলাই সন্ধ্যায় ডিএমপির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দুপুর সাড়ে ১টার দিকে মহাখালীর টিবি গেট পূর্বপাড়ার একটি বাসার তৃতীয় তলায় পরকীয়া-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিউটি আক্তার তার কথিত প্রেমিক মামুনকে ধারালো অস্ত্র দিয়ে পেট ও পুরুষাঙ্গে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মহাখালীর একটি গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ১১ জুলাই শনিবার সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। নিহত মামুনের বাবার নাম বাবুল মিয়া। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। অভিযুক্ত বিউটি আক্তারের বাড়িও একই উপজেলায় বলে জানিয়েছে পুলিশ। এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে বনানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিউটি আক্তারকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















