দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের হিলিতে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপারের (এসপি) গাড়ি আটকে মব তৈরির মাধ্যমে তার ড্রাইভারকে মারধর করেছে এসআর পরিবহনের চালক। পুলিশের দাবি, ঘটনার শুরু থেকে আটক ব্যক্তি মব সৃষ্টির চেষ্টা চালান।এ ঘটনায় ওই চালককে আটক করা হয়েছে। শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে হিলি চারমাথা মোড়ে ঘটনাটি ঘটে। হাকিমপুর (হিলি) থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন এ তথ্য জানিয়েছেন।
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন জানান, তার বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায়। ছুটিতে বাড়িতে যান তিনি। সেখান থেকে কর্মস্থলে যোগ দিতে মাইক্রোবাসে রওনা দেন। জয়পুরহাটের পাঁচবিবিতে ইফতার শেষে বডিগার্ড ও ড্রাইভারসহ ঠাকুরগাঁওয়ের জন্য পুনরায় যাত্রা শুরু করেন। তিনি বলেন, “এসআর পরিবহনের একটি কোচ হিলির দিকে যাচ্ছিল। আমার ড্রাইভার কোচটির চালককে সাইড দেওয়ার সংকেত দেয়। এক পর্যায়ে আমাদের মাইক্রোবাস কোচটিকে ওভারটেক করতে যায়। এ সময় কোচটি আমাদের গাড়ির দিকে চাপিয়ে দেন চালক। ফলে আমাদের মাইক্রোবাস সড়কের পাশের একটি গাছের ডালের সঙ্গে ধাক্কা খায়। আমরা অল্পের জন্য প্রাণে রক্ষা পাই। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন বলেন, কিছু দূর গিয়ে ওই কোচটি আটকানো হয়। তখন আমার বডিগার্ড ও ড্রাইভারের সঙ্গে এসআর পরিবহনের সুপারভাইজার ও ড্রাইভারের কথা কাটাকাটি হয়। আমি নিজে গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথা বলি এবং নিজের পরিচয় দেই। এরপরও তারা আমার সঙ্গেও খারাপ আচরণ করে। পরে পরিবহনের সুপারভাইজারের অনুরোধে বিষয়টি সেখানেই মীমাংসা করা হয়। কিন্তু মীমাংসার পর হিলি চারমাথা মোড়ে পৌঁছালে এসআর পরিবহনের কোচটি স্থানীয় কয়েকজন শ্রমিককে নিয়ে এসে আমার মাইক্রোবাসটি আটকায়। স্থানীয় কয়েকজন শ্রমিক আমার গাড়ির ড্রাইভারকে মারধর শুরু করে। পরে পুলিশ এসে আমাদের উদ্ধার করে এবং এসআর পরিবহনের চালককে আটক করে থানায় নিয়ে যায়।ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, “আমি শুরু থেকেই তাদের শান্ত থাকার জন্য বলেছি এবং ঘটনাস্থলে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। সংশ্লিষ্ট ড্রাইভার আমার সঙ্গে খারাপ আচরণ করে। তার গাড়ি চালানোর বেপরোয়া আচরণের ভিডিও ফুটেজও আমার কাছে রয়েছে। তারা শুরু থেকেই মব সৃষ্টির চেষ্টা করেছে। এমনকি থানাতে গিয়ে মব সৃষ্টির চেষ্টা চালায়। বিষয়টি রংপুরের ডিআইজি এবং দিনাজপুর জেলা পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় এসআর পরিবহনের ড্রাইভারের বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগে মামলা করা হবে। হাকিমপুর (হিলি) থানার ওসি জাকির হোসেন বলেন, “ঘটনার শুরু থেকেই এসআর পরিবহনের ড্রাইভার হাফিজুল ইসলাম মব সৃষ্টির চেষ্টা করে। তাকে আটক করা হয়েছে।
০২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারকে আটকে মব তৈরির চেষ্টা, বাসচালক আটক
সর্বাধিক পঠিত



















