চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মো. মুজিব (৬০) নামের এক যুবদল কর্মী নিহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার অলি মিয়া হাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবদল কর্মী মুজিব স্থানীয় সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ইফতারের পর অলি মিয়া হাটের একটি চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে বসে ছিলেন মুজিব। একপর্যায়ে তিনি দোকান থেকে বের হয়ে সড়কের দিকে এগিয়ে গেলে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার কপাল, বুক ও পেটে একাধিক গুলি লাগে। গুলির শব্দে পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় হামলাকারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওই যুবদল কর্মীকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
০৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:




















