রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটিতে দ্বিতীয় দিনের মতো চলছে অবরোধ। বন্ধ রয়েছে শহরের একমাত্র গণপরিবহন সিএনজি চালিত অটোরিকশা চলাচলও। রাঙামাটি থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস ও আন্তঃজেলা বাস। শহরের বাজারগুলোও বন্ধ রয়েছে। আজ ২২ সেপ্টেম্বর রোববার সকালে শহর ঘুরে দেখা যায়, সড়কে যান চলাচল নেই। খোলেনি কোনো দোকানপাট-শপিংমল। যারাই বের হয়েছেন ব্যক্তিগত প্রয়োজন কিংবা কাজের জন্য বের হয়েছেন। রাস্তার মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রয়েছে সতর্ক অবস্থানে। অবরোধে শহরের সবচেয়ে বড় ব্যবসা কেন্দ্র বনরুপা বাজার বন্ধ থাকার কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনগণ। কাঁচাবাজারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলো বন্ধ থাকায় কেনাবেচা করতে পারছেন না মানুষ। গত ২০ সেপ্টেম্বর শুক্রবার থেকে রাঙামাটির পরিস্থিতি থমথমে। শহরের অবস্থানরত অনেক বাঙালী বলছেন, আমরা কোনো ধরনের সংঘাত চাই না। পাহাড়ি-বাঙালি মিলেমিশে থাকতে চাই। এদিকে অবরোধের কারণে সাজেকে আটকা পড়ে আছেন প্রায় ১৪০০ পর্যটক। রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মু. সাইফুল উদ্দিন জানিয়েছেন, বর্তমানে রাঙামাটির পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
০৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:




















