সূর্যোদয় ডেস্ক : || : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার প্রথমবারের মতো জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করতে যাচ্ছে। দীর্ঘ ১৭ বছর প্রবাসজীবন কাটানোর পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া তারেক রহমানের সরকারের পক্ষে অর্থ ও পরিকল্পনাবিষয়ক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় বাজেট পেশ করবেন। ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করতে যাচ্ছেন তিনি। অর্থমন্ত্রী হিসেবেও এটি তার প্রথম বাজেট।গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনের আগে বিএনপি ব্যাপক উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা করেছিল। এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে তখন নানা আলোচনা থাকলেও সরকার দায়িত্বগ্রহণের প্রথম ১০০ দিনের কার্যক্রমকে ইতিবাচক হিসেবে তুলে ধরেছে দলটি। সরকারের তথ্য বলছে, ১৭ ফেব্রুয়ারি দায়িত্বগ্রহণের পর ২৪ মে পর্যন্ত মন্ত্রিসভার ১০টি বৈঠকে ৬০টি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে ৩৭টি এরইমধ্যে বাস্তবায়িত হয়েছে। নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে ৩৭ হাজার ৫৬৭টি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। কৃষকদের জন্য চালু করা হয়েছে ‘কৃষক কার্ড’, যেখানে বিভিন্ন সুবিধা ও নগদ সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া প্রবাসী কার্ড, হেলথ কার্ডসহ সামাজিক সুরক্ষার ১৮টি কর্মসূচি নিয়ে কাজ করছে সরকার। আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। এবারের বাজেটে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। অনুদানসহ সামগ্রিক বাজেট ঘাটতি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৮৫০ কোটি টাকা, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ দশমিক ৫ শতাংশ। এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট হতে যাচ্ছে। একই সঙ্গে রাজস্ব আহরণ ও বাজেট ঘাটতির লক্ষ্যমাত্রাও অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। ফলে এত বড় বাজেট বাস্তবায়ন এবং প্রয়োজনীয় অর্থের সংস্থান নিয়ে অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের মধ্যে নানা প্রশ্ন ও সংশয় রয়েছে।
১১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















